পোশাক খাতে কর্মপরিবেশ উন্নয়ন ও সামাজিক সংলাপ জোরদারে অংশগ্রহণ কমিটির (পার্টিসিপেশন কমিটি) ব্যবস্থাপনা ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে যৌথ প্রশিক্ষণ আয়োজন করেছে ইথিক্যাল ট্রেডিং ইনিশিয়েটিভ (ইটিআই) বাংলাদেশ।
গত ১২ মার্চ গাজীপুরের শ্রীপুরের মাওনায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে মোট ১৫ জন অংশ নেন। তাঁদের মধ্যে ৮ জন শ্রমিক প্রতিনিধি ও ৭ জন ব্যবস্থাপনা প্রতিনিধি ছিলেন।
প্রশিক্ষণে অংশগ্রহণ কমিটির ভূমিকা ও দায়িত্ব, এজেন্ডা উপস্থাপন, সদস্য নির্বাচন প্রক্রিয়া এবং ব্যবস্থাপনা ও শ্রমিকদের মধ্যে সামাজিক সংলাপের পদ্ধতি নিয়ে আলোচনা হয়। কারখানায় সভা কীভাবে পরিচালিত হয়, দ্বিপক্ষীয় আলোচনা হচ্ছে কি না এবং সদস্যদের অংশগ্রহণের বিষয়ও পর্যালোচনা করা হয়।
এ ছাড়া সভার কার্যবিবরণী প্রস্তুত ও সংরক্ষণ এবং সভার সিদ্ধান্তের ভিত্তিতে কর্মপরিকল্পনা তৈরির বিষয়টি তুলে ধরা হয়। নারী সদস্যদের অংশগ্রহণসহ কমিটির সার্বিক কার্যক্রম নিয়েও আলোচনা হয়।
ইটিআই বাংলাদেশের সামাজিক সংলাপ কর্মসূচির আওতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এর লক্ষ্য শ্রমিক ও ব্যবস্থাপনার মধ্যে সংলাপ বাড়ানো এবং শ্রম অধিকার রক্ষা।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা কর্মপরিবেশ উন্নয়নে একটি কর্মপরিকল্পনা তৈরিতে সামাজিক সংলাপে যুক্ত থাকার বিষয়ে একমত হন। পরিকল্পনায় চিকিৎসা সুবিধা উন্নয়ন, অসুস্থতা ও নৈমিত্তিক ছুটির প্রক্রিয়া পর্যালোচনা এবং অননুমোদিত অনুপস্থিতি কমানোর বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
এ ছাড়া সব কর্মীর জন্য অধিকার ও সুবিধা বিষয়ে সচেতনতা সেশন আয়োজন এবং ভবিষ্যৎ প্রশিক্ষণে অংশগ্রহণ কমিটির সদস্যদের যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।






