শ্রমিক নেতৃত্বাধীন জলবায়ু কর্মজোট (Worker-led Climate Action Network-Worker Can)’র কার্যনির্বাহী কমিটির ষষ্ঠ সভা ২০ আগস্ট ২০২৬ ঢাকায় অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে কর্মরত চৌদ্দটি শ্রমিক ফেডারেশনের তরুন ও নারী প্রতিনিধিদের নিয়ে গঠিত জোটের প্রতিনিধিরা সভার শুরুতে সম্প্রতি সীতাকুন্ডের জাহাজভাঙ্গা শিল্পে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত শ্রমিকদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন। একই সাথে এ ঘটনার যথাযথ তদন্ত করে আইনানুগ ব্যবস্থাগ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
জোটের আহ্বায়ক মোঃ হাসান আলী শুভেচ্ছা বক্তব্য দেন। একই সাথে বিগত সভার কার্যবিবরণী, সিদ্ধান্ত ও অগ্রগতি তুলে ধরেন। উপস্থিত সদস্যবৃন্দ বিস্তারিত পর্যালোচনার পর সর্বসম্মতিক্রমে বিগত সভার কার্যবিবরণী অনুমোদন দেন।
সভায় তৈরি পোশাকশিল্পের চলমান সংকট,, বিশেষ করে জ্বালানি সংকটের কারণে ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। তাঁরা মনে করেন, এ পরিস্থিতি অব্যাহত থাকলে একদিকে জাতীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। দেশের প্রধান রপ্তানি খাত হুমকির মুখে পড়বে। অন্যদিকে শ্রমিকদের কর্মসংস্থান, জীবন ও জীবিকা হুমকির মধ্যে পড়বে। তাই কর্মজোটের সদস্যরা মনে করেন, এ শিল্পকে বাঁচাতে হলে শুধু সাময়িক সংকট সমাধান নয়; বরং একটি টেকসই সমাধানের কথা ভাবতে হবে। বিদ্যুৎ ও জ্বালানির বিষয়টিকে দেশের সামগ্রিক উন্নয়ন ও শ্রমিক অধিকারের একটি কৌশলগত উপাদান হিসেবে বিবেচনা করতে হবে। এ জন্য সরকার, বাণিজ্যসংগঠন ও ক্রেতাগোষ্ঠীকে পারস্পরিক অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে হবে। জ্বালানি সমস্যার অপেক্ষাকৃত স্থায়ী সমাধান খুঁজতে হবে। আগামী দিনের বৈশ্বিক পরিবেশ ও জলবায়ু বিষয়ক বাধ্যবাধকতা বিবেচনায় নিয়ে জীবাশ্ম জ্বালানির বদলে নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরই হবে সবচেয়ে টেকসই ও যৌক্তিক উপায়।
বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে তৈরি পোশাকশিল্পে কার্বন নিঃস্বরণ হ্রাস, এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবি আরও জোরদার করার লক্ষ্যে জোটের সদস্যরা আগামী আট মাসের (আগস্ট ২০২৬-মার্চ ২০২৭) জন্য একটি এ্যাডভোকেসি কর্মপরিকল্পনা প্রণয়ন করেন। কর্মপরিকল্পনায় তারা সরকার, মালিকপক্ষ এবং ক্রেতাগোষ্ঠীর সমন্বিত উদ্যোগের প্রতি জোর দেন এবং এটি নিশ্চিত করার জন্য তারা বিভিন্ন পর্যায়ে অংশীজনদের সাথে কাজ করবেন বলে সিদ্ধান্ত নেন।
জোটের আহ্বায়ক হাসিনা আক্তারের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে কার্যনির্বাহী কমিটির সভা শেষ হয়।









